Pages

Showing posts with label Darshan. Show all posts
Showing posts with label Darshan. Show all posts

Sunday, 21 May 2017

শিল্পীদের নাম তুলতে মহড়া

শুধু শিবির করে এতদিন লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ করা হত। পশ্চিম মেদিনীপুর জেলায় এ বার রীতিমতো মহড়া করে বাছাই করা হবে শিল্পীদের নাম। এ ক্ষেত্রে নতুন করে কোনও আবেদন নেওয়া হবে না। যে বিপুল সংখ্যক আবেদন পড়ে রয়েছে, তার থেকেই বাছাই করে নাম নথিভুক্তকরণ হবে।
মহড়ার মাধ্যমে লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণের কথা মানছেন জেলার তথ্য-সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার। অনন্যাদেবীর কথায়, “অনেক আবেদন দফতরে জমা রয়েছে। সেখান থেকেই মহড়ার মাধ্যমে নাম নথিভুক্তকরণ হবে।” দফতরের এক কর্তার কথায়, “নানা কাজে এতদিন ওই সব আবেদনে নজর দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ বার কাজ শুরু হবে।”
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে লোকশিল্পের চল রয়েছে। কেউ ঝুমুর গান করেন। কেউ আদিবাসী নৃত্য করেন। কেউ ধামসা-মাদল বাজান। যিনি যে শিল্পকর্মের সঙ্গে যুক্ত, তাঁকে মহড়ায় এসে সেটি করে দেখাতে হবে। কেউ মাদল বাজালে তাঁকে মহড়ায় মাদল বাজাতে হবে। কেন গান করলে গাইতে হবে গান। তথ্য-সংস্কৃতি দফতরের কর্মীরা যাচাই করে দেখবেন, কোনও ব্যক্তি যে পরিচয় দিয়ে নাম নথিভুক্তকরণের আবেদন জানিয়েছেন, তিনি সেই কাজে আদৌ পারদর্শী কি না। মহড়া কবে, কোথায় হবে তা পরে জানানো হবে।
জেলা তথ্য-সংস্কৃতি দফতর সূত্রে খবর, লোকশিল্পীদের সুবিধার্থেই লোকপ্রসার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নাম তোলার জন্যে লোকশিল্পীদের মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতরে আবেদন করতে হয়। তারপরে পুরসভা কিংবা পঞ্চায়েতের মাধ্যমে যাচাই করে শিল্পীর পরিচয়পত্র মেলে।
প্রকল্প চালুর পরপরই যে সংখ্যক আবেদন জমা পড়তে শুরু করে তা দেখে চমকে ওঠে প্রশাসনের একাংশ। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় ৬৩ হাজার! এতজনের মধ্যে থেকে একই সময়ে শিল্পীদের নাম নথিভুক্তকরণ কার্যত অসম্ভব। তাই শিবিরের বদলে মহড়া নিয়ে এরমধ্যে বেশ কয়েক হাজার শিল্পীর নাম নথিভুক্তকরণের পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি, রাজ্য তথ্য-সংস্কৃতি দফতর থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন আর নতুন করে আবেদনপত্র দেওয়া কিংবা জমা নেওয়া যাবে না। নির্দেশিকায় এও জানানো হয়েছে, বিভিন্ন আঙ্গিকের প্রকৃত লোকশিল্পীরা যাতে লোকপ্রসার প্রকল্পের আওতায় আসেন তা সুনিশ্চিত করতে হবে। শিল্পীদের গুনগত মানের মূল্যায়নও করতে হবে।
এখনও পর্যন্ত এই প্রকল্পে দুই জেলায় নথিভুক্ত লোকশিল্পীর সংখ্যা প্রায় ৭ হাজার। যাঁরা মাসে এক হাজার টাকা করে ভাতা পান। এ ছাড়াও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিলে এক হাজার টাকা করে পান। জেলা তথ্য-সংস্কৃতি দফতর সূত্রে খবর, এই প্রকল্পে প্রায় ১৮ হাজার শিল্পীর নাম নথিভুক্তি হতে পারে।  a

Folk artist

ঘরে বসেই সুবর্ণরেখার দেখা মিলবে

গাডরাসিনি পাহাড় বা চিল্কিগড় মন্দির তো আছেই, জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে যোগ হতে চলেছে নয়া পালক। কটেজের ঘরে বসেই যদি এ বার সুবর্ণরেখার সৌন্দর্য উপভোগ করা যায়, মন্দ কি! সঙ্গে রয়েছে নীলকুঠির ইতিহাসের হাতছানি। তবে এ জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ, বেলিয়াবেড়ার এই নতুন পর্যটন কেন্দ্র তৈরির কাজ চলছে জোরকদমে।
জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে যোগ হতে চলেছে
Subarnarekha River
ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়ার কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের বাজনাগুড়ি মৌজায় রয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো নীলকুঠির ধ্বংসাবশেষ। নীলকুঠি লাগোয়া এলাকাটিকে এ বার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতি।
জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান (জেএপি) ও পঞ্চায়েত সমিতির তহবিলের প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে আনন্দধারা প্রকল্পে সুবর্ণরেখার ধারে তৈরি হচ্ছে দোতলা প্রকৃতি-পর্যটন কেন্দ্র। কেন্দ্রটির নাম দেওয়া হয়েছে ‘সুবর্ণরেখা’। ভবন তৈরির কাজ শেষ পর্যায়ে।
কয়েক মাস পরেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ভবনের দোতলার তিনটি ঘর। বাতানুকূল ব্যবস্থার সুবিধাযুক্ত দোতলার তিনটি ঘরের সঙ্গেই শৌচাগার রয়েছে। প্রতিটি ঘরে দু’জন করে থাকতে পারবেন। দু’জনের অতিরিক্ত থাকলে আলাদা ভাড়া দিতে হবে। প্রকৃতি পর্যটন কেন্দ্রের দোতলার ব্যালকনি থেকে চারপাশের নৈসর্গিক দৃশ্য দেখতে পাবেন পর্যটকরা। ঘরের জানালা থেকেই দেখা যাবে সুবর্ণরেখা। ইচ্ছে হলে সুবর্ণরেখার জলে ছিপ ফেলে মাছও ধরতে পারেন পর্যটকেরা।
স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রকৃতি পর্যটন কেন্দ্রটি চালাবেন। পর্যটকদের খাওয়া-দাওয়া, ঘরদোর পরিষ্কার করার দায়িত্বে থাকবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ভবনের একতলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার জন্য সেমিনার হল রয়েছে। এ ছাড়া রয়েছে গোষ্ঠীর সদস্যদের থাকার জায়গা ও রান্নাঘর। 
 যেখানে এই পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে, সেই বাজনাগুড়ি এলাকাটি কুঠিঘাট নামে বেশি পরিচিত। মূলত নীলকুঠির জন্যই এমন নাম। এলাকার নীলকুঠির ইতিহাসও প্রাচীন। শোনা যায়, ১৮৬৭ সাল নাগাদ এই নীলকুঠিতে নীল তৈরির ভাটিখানা চলত। নীলকর সাহেবরা স্থানীয় চাষিদের দাদন দিয়ে নীলের চাষ করাতেন। তারপর ভাটিতে প্রাকৃতিক নীল তৈরি করা হত। জনশ্রুতি, বেলিয়াবেড়ার নীলকর সাহেবরা তেমন অত্যাচারী ছিলেন না। তাই এলাকায় নীলকরদের বিরুদ্ধে কোনও আন্দোলনের প্রামাণ্য ইতিহাস নেই। এলাকায় একটি কালী মন্দির ও রামকৃষ্ণ আশ্রমও রয়েছে। বেলিয়াবেড়ার বিডিও কৌশিক ঘোষ বলেন, “এলাকার বহু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোজগারের স্থায়ী বন্দোবস্ত করার জন্য প্রকৃতি পর্যটন কেন্দ্রটি চালু করা হচ্ছে।”