Pages

Showing posts with label Take Care (Medinipur). Show all posts
Showing posts with label Take Care (Medinipur). Show all posts

Sunday, 21 May 2017

কৌস্তুভ ছোবল খেয়েও সাপ বাঁচাতে লড়ছেন

ছোবল খেয়েছেন। যন্ত্রণায় ছটফট করেছেন। যদিও তাতে সাপের প্রতি ভালবাসা এতটুকু কমেনি তাঁর। বিষধর হোক বা বিষহীন— কোথাও সাপ উদ্ধারের খবর পেলেই ছুটে গিয়েছেন তিনি। সাপ নিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন খড়্গপুরের মালঞ্চর বাসিন্দা কৌস্তুভ চক্রবর্তী।
শুধু খড়্গপুর শহরই নয়, বিগত ১৬ বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৫০০টিরও বেশি সাপ উদ্ধার করেছেন কৌস্তুভবাবু। বন দফতরের অনুমতি নিয়ে এর মধ্যে অনেক সাপ ছেড়ে দিয়েছেন জঙ্গলে। সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা রুখতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
জলা জমি, জঙ্গল থেকে প্রায়শই সাপ ঢুকে পড়ে লোকালয়ে।

বিষধর ময়াল কোলে কৌস্তুভ। 
জলা জমি, জঙ্গল থেকে প্রায়শই সাপ ঢুকে পড়ে লোকালয়ে। বাড়িতে সাপ দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সাপ-মানুষের লড়াইয়ে কখনও মানুষ জেতে আবার কখনও বলি হতে হয় সাপকে। অনেক সময় বিষহীন সাপ মেরে ফেলার ঘটনা ঘটে। আবার বিষধর সাপের ছোবল খেয়েও হাসপাতালে না গিয়ে বাঁচার আশায় ওঝার কাছে ছুটে যান অনেকে। ওঝার কাছে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তারপর চিকিৎসকের কাছে গিয়েও অনেক সময় রোগীকে বাঁচানো যায় না। এ সব নিয়ে মানুষকে সচেতন করতে ২০০১ সাল থেকে সাপ ধরার নেশা পেয়ে বসে কৌস্তুভবাবুকে।
২০১২ সালে মেদিনীপুরের জিনশহরে সাপ উদ্ধারে গিয়ে খরিশ সাপের ছোবলে তাঁর বাঁ হাতের একটি আঙুল বাদ দিতে হয়। এরপরেও চুপ করে বসে থাকেননি তিনি। জীবজগত ও পরিবেশ সংরক্ষণে ২০১৩ সালে ১০ জনকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন। বিগত চার বছরে সাপ সংরক্ষণের লক্ষে জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন এই সংস্থার সদস্যরা। প্রচারে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে বন দফতরে খবর দেওয়ার আবেদন জানানো হচ্ছে। কাউকে সাপ ছোবল মারলে অন্য কোথাও না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে।
বছর আটত্রিশের কৌস্তুভবাবুর কথায়, “পুরুলিয়া জেলায় আমার বড় হওয়া। তাই ছোট থেকে অরণ্যপ্রীতি ছিলই। পরে বহু বইপত্র ঘেঁটে দেখেছি, সরীসৃপ প্রাণীরা খুব অবহেলিত। কিন্তু বাস্তুতন্ত্র রক্ষা করতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এইসব সরীসৃপ প্রাণীর সংরক্ষণে যতটুকু পারি কাজ করছি।” তিনি বলছেন, “কাউকে নিজের নিরাপদ এলাকা থেকে জোর করে সরাতে চাইলে সে তো আঘাত করবেই। আমি সাপের ছোবল খেয়ে সাপকে চিনেছি। আমার মনে হয় সাপকে বিরক্ত না করে বন দফতরে বা আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত।’’
সাপ সংরক্ষণে আর সাপ নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতে কৌস্তুভবাবুর এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে বন দফতরও। বন দফতরের খড়্গপুরের ডিএফও অরূপ মুখোপাধ্যায় বলেন, “সাপ নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার জরুরি। আমার সঙ্গে কৌস্তুভবাবুর পরিচয় রয়েছে। উনি যে ভাবে সাপ উদ্ধারের কাজ করেন তাতে সাধুবাদ জানাতে হবেই। প্রতিটি সামাজিক সংগঠনের এ ভাবেই সচেতনতা প্রচারে এগিয়ে আসা উচিত।’’

snake   Kaushuv Chakraborty   awareness campaign   snake lover

সোমনাথ প্রতিবন্ধকতাকে হারিয়ে বড় হতে চায়

পরীক্ষাকেন্দ্রে সোমনাথ দাস।
পরীক্ষাকেন্দ্রে সোমনাথ দাস। 
বাবা মারা গিয়েছেন এগারো বছর হয়ে গিয়েছে। বাড়িতে আপনজন বলতে মা একাই। নিজের পা দু’টোও ঠিকমতো চলে না। জীবনে চলার পথে দারিদ্রও সঙ্গী। তবে প্রতিবন্ধকতা ও অভাবের বাধা সরিয়ে বড় হতে চায় এগরা ঝাটুলাল হাইস্কুলের ছাত্র সোমনাথ দাস। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে তাই সফল হতে মরিয়া সে। এগরা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথের পরীক্ষাকেন্দ্র পড়েছে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে।
সোমনাথের কথায়, “মা কোনও মতে বাড়ি ভাড়ার টাকা দিয়ে সংসার ও আমার পড়াশোনা চালান। বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে মায়ের সব দুঃখ দূর করতে চাই।” পায়ের সমস্যার জন্য সোমনাথের পক্ষে পরীক্ষাকেন্দ্রে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা সম্ভব নয়। তাই কেন্দ্রের এক তলার একটি ঘরে সোমনাথের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে। সোমনাথের মা অঞ্জলিদেবী বলেন, “জন্ম থেকেই ছেলের পা দু’টি অচল। সোজা হয়ে দাঁড়াতে পারে না। ডাক্তার দেখে বলেছিলেন, নিজে চেষ্টা করলে হয়তো ও কিছুটা চলাফেরা করতে পারবে। ওর নিজের ইচ্ছাই ওকে এতদূর টেনে এনেছে।”
এগরা ঝাটুলাল হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন শীট বলেন, “সোমনাথের খুব মনের জোর। নিজের উৎসাহেই ও বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে।” তাই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর আগেও মনকে শক্ত করে সোমনাথ বলে চলে, ‘বড় আমাকে হতেই হবে। মায়ের একমাত্র ভরসা যে আমিই।’

madhyamik | madhyamik exam 2015 | jhatu lal high school | egra | Purba Medinipur